নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাটে ১৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাছেক শেখ ওরফে সাইজে (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৩ মে) সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা ফকিরহাট মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে ফকিরহাট উপজেলার সাতশৈয়া এলাকায় ওই কিশোরী তার ভাইয়ের জন্য মাদরাসায় খাবার নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে অভিযুক্ত রাছেক শেখ কিশোরীটিকে ফুঁসলিয়ে তার দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে এবং এলাকায় জানাজানি হয়।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, ধর্ষণের শিকার কিশোরীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই নৃশংস ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দেশ-বিদেশের এমন আরও টাটকা ও সত্য সংবাদ সবার আগে পেতে "নিউ সাউথ বাংলা"-এর সাথেই থাকুন।