ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
আন্তর্জাতিক

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ দুপুর
উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

অরুণাচলে দুই জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে উত্তেজনা, মোতায়েন ৩৪ কোম্পানি নিরাপত্তা বাহিনী

ভারতের অরুণাচল প্রদেশে দুটি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। প্রস্তাবিত বাঁধ নির্মাণের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনার পর রাজ্যটিতে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৩৪টি কোম্পানি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্পকে ঘিরে নতুন করে বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে আপার সুবানসিরি জেলাতেও আরেকটি জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে নবি মুম্বাই থেকে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) দুটি কোম্পানিকে পাসিঘাটে পাঠানো হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমানে একাধিক ফ্লাইটের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সেখানে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিয়াং ও আপার সিয়াং এলাকায় আগে থেকেই র‍্যাফের কয়েকটি কোম্পানি মোতায়েন রয়েছে। এ ছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নগাঁও ও নলবাড়ি থেকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারী র‍্যাফ সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ২৩ অক্টোবর ইস্ট সিয়াং জেলায় প্রস্তাবিত সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ সহিংস রূপ নেয়। এ সময় জাতীয় জলবিদ্যুৎ নিগমের (এনএইচপিসি) স্থানীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কয়েকজন বিধায়কের বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

এসব ঘটনায় পুলিশ একাধিক মামলা করেছে। পাসিঘাটে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার এবং আরও আটজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাসিঘাট, মেবো ও রুকসিন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ জারি করা হয়েছে।

অন্যদিকে, আপার সুবানসিরি জেলায় ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। টাগিন স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটকে কেন্দ্র করে জেলা সদর দাপোরিজোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়।

সব মিলিয়ে, অরুণাচল প্রদেশে দুটি জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিরোধিতা ক্রমেই জটিল আকার ধারণ করছে। স্থানীয়দের প্রতিবাদ, সহিংসতার ঘটনা এবং ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েনের মধ্য দিয়ে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রয়েছে।

নিউ সাউথ বাংলা-এর সঙ্গে থাকুন। দেশ-বিদেশের সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন।