সিরিয়া: একই স্বপ্ন তিনবার দেখার পর পায়ে হেঁটে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন সিরিয়ার দেইর আজ-জোরের তরুণ আবদুল্লাহ আল-নায়েফ। দুর্গম মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি ইতোমধ্যে পালমিরা শহরের আশপাশে পৌঁছেছেন।
দেইর আজ-জোরের পশ্চিমাঞ্চলের জুগাইর জাজিরা গ্রাম থেকে প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন আবদুল্লাহ। লক্ষ্য একটাই—হেঁটে মক্কায় পৌঁছানো।
আবদুল্লাহ জানিয়েছেন, তার এই দীর্ঘ যাত্রা কোনো ক্রীড়া চ্যালেঞ্জ বা রোমাঞ্চের উদ্দেশ্যে নয়। বরং একটি বিশেষ স্বপ্নই তাকে এমন কঠিন পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।
যাত্রাপথে ধারণ করা এক ভিডিওতে আবদুল্লাহ বলেন, তিনি একই স্বপ্ন তিনবার দেখেছেন। এরপরই পায়ে হেঁটে মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নেন। মক্কায় পৌঁছে ২০০ বার কোরআন খতম করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
দীর্ঘ পথ চলতে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হচ্ছে আবদুল্লাহর। কেউ তার যাত্রার কারণ জানতে চাইছেন, আবার কেউ খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন। অচেনা মানুষের এমন ভালোবাসা ও সহযোগিতাই তাকে এগিয়ে যেতে সাহস জোগাচ্ছে।
আল-সুখনা শহরের কাছে পৌঁছালে সড়কের নিরাপত্তাকর্মীরা তার সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তারা তাকে আতিথ্যও দেন। স্থানীয় এক বাসিন্দাও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করেন। এরপর আবার মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন আবদুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পথচারীরা বিভিন্ন স্থানে তার সঙ্গে কথা বলছেন। নিজের যাত্রার উদ্দেশ্য এবং যে স্বপ্ন তাকে এই পথে আসতে অনুপ্রাণিত করেছে, সেসব বিষয়ও তাদের সঙ্গে শেয়ার করছেন তিনি।
এরই মধ্যে আবদুল্লাহর দীর্ঘ পদযাত্রার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে দেখা হওয়া অনেকেই ভিডিও ধারণ করে অনলাইনে প্রকাশ করছেন। তবে তার ঘনিষ্ঠরা অযথা তাকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তার এই যাত্রাকে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ভিউয়ের উপকরণ না বানিয়ে শান্তভাবে পথ চলার সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন তারা।
একটি স্বপ্ন থেকে শুরু হওয়া আবদুল্লাহর এই দীর্ঘ পদযাত্রা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
নিউ সাউথ বাংলা-এর সঙ্গে থাকুন।