বাংলা টিভি ডেস্ক:
ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার উত্তর ক্যারোলিনায় পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, “আশা করছি আমরা যুদ্ধের শেষ পর্যায়ে রয়েছি।”
ইরানের পক্ষ থেকে যোগাযোগটি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে এসেছে, নাকি সরাসরি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ইরানের কাছ থেকে সরাসরি বার্তা পেয়েছেন। একই সঙ্গে তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলেও দাবি করেন তিনি।
তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চূড়ান্ত শান্তিচুক্তি বা নতুন যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইরানের অবস্থানও তুলনামূলকভাবে সতর্ক; দেশটি আলোচনার পথ খোলা রাখার পাশাপাশি নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিচ্ছে।
এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতায় সামরিক অভিযান বন্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ কয়েকটি বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। তবে পরবর্তী সময়ে অঞ্চলটিতে উত্তেজনা অব্যাহত থাকে।
এদিকে যুদ্ধের অবসান ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নেতাদের বৈঠকের পরিকল্পনার কথাও জানা গেছে। সেখানে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
ইরান-যুক্তরাষ্ট্রের এই নতুন কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে পারে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পেতে নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন।