অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) গাজা সিটির একটি মিউনিসিপ্যাল পাবলিক পার্কের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
এদিকে, গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় তাল আল-হাওয়া এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে পৃথক বিমান হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহতরা হামাসের সদস্য ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি।
হামলায় নিহতদের মরদেহ স্বজনরা গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে নিয়ে যান। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগেও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় হামলায় তিন বছরের এক শিশুসহ দুজন নিহত হন। এর আগের দিন শনিবারের হামলায় নিহত হন আরও অন্তত চারজন।
ইসরায়েলি হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিহত এক ফিলিস্তিনির স্বজন আমজাদ আবু আবদো বলেন, গাজায় কার্যত কোনো যুদ্ধবিরতি নেই। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজাবাসী স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। রাতের ড্রোনের শব্দ ও বোমা হামলার আতঙ্কেই দিন কাটছে তাদের।
গাজায় চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে।
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ও সর্বশেষ খবর পেতে নিউ সাউথ বাংলার সঙ্গে থাকুন।