ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

মরক্কোর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর সৌজন্য বৈঠক

নিজস্ব প্রতিবেদক জাতীয়
আপডেট: ২০ মে ২০২৬, ১১:০২ দুপুর
মরক্কোর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর সৌজন্য বৈঠক

মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুর এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রী ইউনুস সেক্কুরির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রাবাতে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে বিদ্যমান উন্নত বিনিয়োগ পরিবেশ ও ব্যবসাবান্ধব সুযোগ-সুবিধার কথা তুলে ধরে মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জবাবে মরক্কোর শিল্পমন্ত্রী ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া কৃষিখাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশে ফসফেট সরবরাহ আরও নির্ভরযোগ্য করতে সরকার-টু-সরকার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।

অন্যদিকে, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ, নারী ও যুব ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল।

বর্তমানে মরক্কো সফরে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বুধবার (২০ মে) রাবাতে অনুষ্ঠিতব্য ফরাসি ভাষী পরিবেশে শান্তিরক্ষাবিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন।

আন্তর্জাতিক ও সর্বশেষ খবর জানতে নিউ সাউথ বাংলা-এর সাথে থাকুন।