দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে প্যান-ইন্ডিয়া লেভেলে ঝড় তুলতে আবারও প্রস্তুত সুপারস্টার জুনিয়র এনটিআর। জনপ্রিয় নির্মাতা প্রশান্ত নীলের সাথে তাঁর বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্টটি নিয়ে সিনেমা প্রেমীদের উন্মাদনার যেন শেষ নেই। এতদিন ‘এনটিআরনীল’ (NTRNeel) নামে পরিচিত এই বিগ বাজেট সিনেমাটির অফিশিয়াল নাম হতে যাচ্ছে ‘ড্রাগন’। সম্প্রতি ভারতের সেন্সর বোর্ডের ওয়েবসাইটে সিনেমাটির একটি ভিডিওর সেন্সর সার্টিফিকেশনের তথ্য প্রকাশ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।
সিনেমাটির সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে এর ‘গ্লিম্পস’ বা ঝলকের দৈর্ঘ্যে। সেন্সর বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, ‘গ্লিম্পস অব ড্রাগন’ ভিডিওটির রানটাইম নির্ধারণ করা হয়েছে ৪ মিনিট ৩৫ সেকেন্ড। সাধারণত যেকোনো সিনেমার টিজার বা গ্লিম্পস এক থেকে দুই মিনিটের বেশি হয় না, এমনকি ট্রেলারও তিন মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেখানে সাড়ে চার মিনিটের এই দীর্ঘ ভিডিওটি দর্শক মহলে রীতিমতো হুলুস্থুল ফেলে দিয়েছে। অনেকেই এটিকে একটি শর্টফিল্মের সাথে তুলনা করছেন।
জানা গেছে, ভারতের সেন্সর বোর্ড থেকে এই ভিডিওটি ‘UA 16+’ সার্টিফিকেট পেয়েছে। প্রশান্ত নীলের সিগনেচার স্টাইল মানেই যে পর্দায় ভরপুর অ্যাকশন, তা ‘কেজিএফ’ কিংবা ‘সালার’ সিনেমার দর্শকরা ভালো করেই জানেন। এই গ্লিম্পসটির ক্ষেত্রেও তেমনটাই ধারণা করা হচ্ছে—এতে থাকবে প্রচণ্ড সহিংস, রুদ্ধশ্বাস অ্যাকশন ও হাই-স্পিড সব দৃশ্য।
দক্ষিণী সিনেমার এমন সব দুর্দান্ত ও ব্রেকিং আপডেট সবার আগে পেতে ‘নিউ সাউথ বাংলা’ (New South Bangla)-এর সাথেই থাকুন।
মাইথ্রি মুভি মেকার্স ও এনটিআর আর্টসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যেতে পারে বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী বসন্তকে। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বলিউড অনিল কাপুর।
সিনেমার খলনায়ক বা ভিলেন চরিত্রটি নিয়ে বেশ জল্পনা চলছে। প্রাথমিকভাবে টোভিনো থমাসের নাম শোনা গেলেও শিডিউল জটিলতায় তিনি প্রজেক্টটি থেকে সরে দাঁড়ান। বর্তমানে এই নেতিবাচক চরিত্রে বলিউড চকলেট বয় শাহিদ কাপুরকে নেওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোর ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন রবি বসরুর।
চলচ্চিত্রপাড়ায় আরও একটি বড় গুঞ্জন চাউর হয়েছে যে, প্রশান্ত নীল তাঁর এই ‘ড্রাগন’ সিনেমাটি হয়তো দুটি ভিন্ন পর্বে (Part 1 & Part 2) মুক্তি দিতে পারেন। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সব ঠিক থাকলে ২০২৭ সালের ১১ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জুনিয়র এনটিআরের এই অ্যাকশন প্যাকড সিনেমাটি।
সাউথ ও বলিউডের সিনেমার এরকম আরও নানা এক্সক্লুসিভ খবরের আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন।