পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে ভারতের সঙ্গে আলোচনায় যাবে না সরকার: এ্যানি
আজ শনিবার (২৩ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘নদী দিবস’ উপলক্ষে ‘নোঙর’ আয়োজিত এক আলোচনা সভায় সরকারের এমন অবস্থানের কথা জানান মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সভায় মন্ত্রী বলেন, ভারত যদি না চায়, তবে পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে সরকার নিজে থেকে আগ বাড়িয়ে কোনো আলোচনায় যাবে না। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকারের আমলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে তিস্তা মহাপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হবে।
বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, গতকাল শুক্রবার নাসীরুদ্দীন ঝিনাইদহে গিয়ে যে ধরণের বক্তব্য দিয়েছেন, তাতে কোনো রাজনৈতিক শালীনতা নেই। তিনি এমন কিছু বিতর্কিত ও অস্ত্রধারী মানুষদের সঙ্গে নিয়ে সেখানে গেছেন, যারা অতীতে প্রশ্নবিদ্ধ ছিল। তাদের উদ্দেশ্যে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সময় থাকতে নদী ও দেশ বাঁচাতে সঠিক পথে ফিরে আসুন।
এদিকে, দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে মন্ত্রী বলেন, এটি একটি অত্যন্ত লোমহর্ষক ও নিকৃষ্ট হত্যাকাণ্ড। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী ভুক্তভোগী মা-বাবার সঙ্গে কথা বলে সান্ত্বনা দিয়েছেন। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যে রাজনৈতিক দলগুলো নানা কথা বলছে, তারা আসলে আইনকে সহায়তা করছে নাকি বাধা দিচ্ছে—সেই প্রশ্ন তোলেন তিনি।
জাতীয় রাজনীতি, জননিরাপত্তা ও দেশের সব গুরুত্বপূর্ণ খবরের তাৎক্ষণিক আপডেট পেতে নিউ সাউথ বাংলা-র সাথেই থাকুন।