এলপিজির দাম এক লাফে ২৫২ টাকা বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা
দেশের বাজারে আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস—এলপিজির দাম। এক লাফে ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা। ফলে এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১ হাজার ৮৩৭ টাকা।
রোববার (৪ অক্টোবর) নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানেই নতুন করে বড় ধরনের মূল্যবৃদ্ধি হলো।
তবে সরকারি দামের সঙ্গে বাজারদরের পার্থক্য নিয়ে আগে থেকেই রয়েছে নানা অভিযোগ। কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ১২ কেজির একটি সিলিন্ডার প্রায় ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
নতুন করে দাম বাড়ায় সরাসরি চাপ পড়তে পারে এলপিজি ব্যবহারকারীদের ওপর। একই সঙ্গে পরিবহন, ব্যবসা-বাণিজ্যসহ এলপিজিনির্ভর বিভিন্ন খাতেও বাড়তে পারে ব্যয়।
এদিকে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলায় বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) পরিচালিত এই অভিযানে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়।
ভোক্তা-অধিদপ্তরের ২৩টি দলের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সিলিন্ডারের নিরাপত্তাবিধি এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়।
এ ছাড়া কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে সিলিন্ডার মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এলপিজি কিনতে গিয়ে কোনো অনিয়মের শিকার হলে ১৬১২১ নম্বরে অভিযোগ করা যাবে।
এলপিজির নতুন এই দাম সাধারণ মানুষের জীবনযাত্রা ও বিভিন্ন খাতে কী ধরনের প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।
দেশের গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে পেতে নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন।