ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ দুপুর
ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে, মন্ত্রিসভায় অনুমোদন

ভ্যাট রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, প্রতি কর মেয়াদেই জমা দিতে হবে

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার নয়, প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাটের দাখিলপত্র জমা দিতে হবে।

এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সংশোধিত অধ্যাদেশের খসড়া উপস্থাপন করে।

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতেই ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বিদ্যমান নিয়মে প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে এখন থেকে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।

তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে, পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতেই ভ্যাট রিটার্ন জমা দেওয়ার এই বিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিসভা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

ভ্যাট রিটার্ন জমার এই পরিবর্তন কার্যকর হলে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগের তুলনায় আরও ঘন ঘন দাখিলপত্র জমা দিতে হবে।

নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন।