জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা করে তাকে ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়া। এ সফরে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন স্বাগত কর্মসূচি দেখা গেছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন। ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সব খবর পেতে নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন।