ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
রাজনীতি

জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ দুপুর
জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে সংঘর্ষ, আহত ৩

জবি ছাত্রদলের কনসার্টে স্টেজে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্টে স্টেজে বসাকে কেন্দ্র করে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত রয়েছে এবং তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কনসার্ট চলাকালে স্টেজে বসাকে কেন্দ্র করে জবি শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতরা হলেন—গণিত বিভাগের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল এবং কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী শাওন ও মনির। পরে তারা চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেজে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে এবং বিষয়টি মিটমাট করা হয়েছে।

অন্যদিকে, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন; ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন—দেশ-বিদেশের সর্বশেষ খবর, গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা আপডেট পেতে।