বাংলা টিভি ডেস্ক:
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হাফেজদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি দেশের মানুষের জন্যও গর্বের বিষয়। মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশের সন্তানরা ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার।
তিনি বলেন, মেধাবীদের উৎসাহ দেওয়া এবং তাদের যথাযথ মূল্যায়ন করা হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম ও পুরো দেশ পাবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণদের আরও উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। আরও তিন বাংলাদেশি প্রতিযোগী নিজ নিজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের হাতে বই উপহার দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিযোগিতায় তারা যে সূরা তিলাওয়াত করে সাফল্য অর্জন করেছেন, তাদের কণ্ঠে সেই আয়াতও শোনেন তিনি।
এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআন শিক্ষার সাফল্যকে আরও দৃশ্যমান করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন—দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ, গঠনমূলক ও সর্বশেষ খবর পেতে।