বাংলা টিভি ডেস্ক:
জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি। বক্তব্য প্রত্যাহার না করলে রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জ্বালানি সংকটের অজুহাতে রুমিন ফারহানা জাতীয় সংসদে বিএনপি সরকারের বিরুদ্ধে ‘অসংসদীয় ভাষায়’ সমালোচনা করেছেন। তার এমন বক্তব্যকে আশুগঞ্জ উপজেলা বিএনপি ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করছে বলেও জানান তারা।
বক্তারা আরও বলেন, রুমিন ফারহানাকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাকে আশুগঞ্জের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হওয়ার পাশাপাশি দুর্নীতি নিয়েও সমালোচনা করেন।
এর আগে গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সংসদে সরকারের সমালোচনা করেন রুমিন ফারহানা।
রাজনৈতিক অঙ্গনে তার এসব বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার আশুগঞ্জে প্রকাশ্যে প্রতিবাদ জানাল উপজেলা বিএনপি।
নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন—দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর পেতে।