ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
খেলাধুলা

শিশুদের ম্যাচে অভিভাবকদের জন্য ‘কালো কার্ড’ চালু করল রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক জাতীয়
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ বিকাল
শিশুদের ম্যাচে অভিভাবকদের জন্য ‘কালো কার্ড’ চালু করল রোমানিয়া

শিশুদের ম্যাচে অভিভাবকদের জন্য ‘কালো কার্ড’ চালু করল রোমানিয়া

বাংলা টিভি ডেস্ক: ফুটবল মাঠের উত্তেজনা এবার গ্যালারি থেকে নিয়ন্ত্রণে আনতে অভিনব উদ্যোগ নিয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। শিশুদের ফুটবল ম্যাচে অশোভন আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণে চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’।

তবে এই কালো কার্ড কোনো খেলোয়াড়কে দেখানো হবে না। বরং ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা অভিভাবক বা দর্শকদের গালাগালি, হুমকি, মারামারি কিংবা অতিরিক্ত চাপ প্রয়োগের মতো আচরণ নিয়ন্ত্রণেই এটি ব্যবহার করবেন রেফারি।

শিশুদের ম্যাচে অভিভাবক ও দর্শকদের এমন আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। গ্যালারির নেতিবাচক পরিবেশ শিশু খেলোয়াড়দের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিষয়টি বিবেচনায় নিয়ে যুব ফুটবলকে আরও নিরাপদ ও আনন্দময় করতে নতুন এই নিয়ম চালু করেছে রোমানিয়ার ফুটবল কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রস্তাবটি অনুমোদন করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় কালো কার্ডের বিধান কার্যকর হবে।

নতুন প্রোটোকল অনুযায়ী, গ্যালারি থেকে বিশৃঙ্খলা শুরু হলে প্রথমে রেফারি ম্যাচ সাময়িকভাবে বন্ধ করবেন। এরপর দুই দলের কোচকে নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে।

এতে কাজ না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় খেলোয়াড়রা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে থাকবে। কোচরা আবারও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ম্যাচ পুনরায় শুরু হবে। তবে ম্যাচ শুরুর পরও যদি গ্যালারি থেকে অশোভন আচরণ অব্যাহত থাকে, তখন রেফারি দেখাবেন চূড়ান্ত অস্ত্র ‘কালো কার্ড’।

কালো কার্ড দেখানো হলে ম্যাচ সেখানেই স্থায়ীভাবে শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আর তা পুনরায় শুরু করা যাবে না।

রোমানিয়া ফুটবল ফেডারেশনের এমন উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালে যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ ঠেকাতে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধানও করা হয়েছিল।

তবে এবার ম্যাচ শেষে শাস্তি দেওয়ার পরিবর্তে ম্যাচ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতাও সরাসরি রেফারির হাতে তুলে দেওয়া হলো।

ফেডারেশনের এই উদ্যোগের মূল লক্ষ্য—শিশুদের ফুটবল ম্যাচে গ্যালারির নেতিবাচক পরিবেশ দ্রুত নিয়ন্ত্রণ করা এবং তরুণ খেলোয়াড়দের জন্য একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় ফুটবল পরিবেশ নিশ্চিত করা।

খেলার মাঠের সর্বশেষ খবর ও দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ জানতে নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন।