ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: ডা. শফিকুর রহমান

সাউথ বাংলা ডেস্ক জাতীয়
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ দুপুর
বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: ডা. শফিকুর রহমান

বিদ্যুৎ-সারের সংকটে মানুষ কষ্টে, অধিকার আদায়ে রাজপথে নেমেছি: ডা. শফিকুর রহমান

বাংলা টিভি ডেস্ক: দেশের মানুষ ও সার্বিক পরিস্থিতি ভালো নেই উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

তিনি বলেন, জনগণের কষ্ট ও দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত সংক্ষিপ্ত জনসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

এর আগে তিনি একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

পরে স্থানীয় মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির।

ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মানিকপোটল এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এ সময় উপস্থিত জনতার উষ্ণ অভ্যর্থনার জবাব হাত নেড়ে দেন তিনি।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, ধুনটের কর্মসূচি শেষে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন ডা. শফিকুর রহমান। এরপর জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।

নিউ সাউথ বাংলা এর সাথে থাকুন—দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে।