ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ বিকাল
সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

২০৩১ সালের মধ্যে দেশের সব মাদ্রাসায় চালু হবে মিড-ডে মিল

দেশের সব মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে মিড-ডে মিল। ২০২৬ থেকে ২০৩১ অর্থবছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব মাদ্রাসায় এ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। এর আওতায় ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত থাকবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি গুরুত্ব দিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও খাদ্য সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তার পরিধি বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। ইবতেদায়ি মাদ্রাসাগুলোও এর আওতায় থাকবে।

এর আগে সংসদ সদস্যের প্রশ্নে জানতে চাওয়া হয়, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলের ব্যবস্থা করলেও মাদ্রাসার শিক্ষার্থীরা কেন এ সুবিধার বাইরে থাকবে। পাশাপাশি অবহেলিত এতিমখানার শিক্ষার্থীদের জন্যও একই ধরনের খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়।

মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার।

নিউ সাউথ বাংলা-এর সঙ্গে থাকুন। দেশের গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।