ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
বাংলাদেশ

প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইলে যুবক, ফিরিয়ে দিলো পরিবার

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ রাত
প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইলে যুবক, ফিরিয়ে দিলো পরিবার

চীন থেকে প্রেমিকার টানে টাঙ্গাইলে, গভীর রাতে দূতাবাসে গেলেন যুবক

প্রেমিকার সঙ্গে দেখা করতে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছিলেন চীনা যুবক দং লিয়াং। তবে ভিসার মেয়াদ কম থাকায় প্রেমিকা ও দুই পরিবারের সঙ্গে কথা বলে গভীর রাতেই সখীপুর ছেড়ে ঢাকার চীন দূতাবাসের উদ্দেশ্যে রওনা হন তিনি।

দং লিয়াংয়ের প্রেমিকা আশিতা (২৫) সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের প্রবাসী আজমত আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেমিকা আশিতার বাড়িতে যান দং লিয়াং। সেখানে আশিতা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু সময় কাটান তিনি। পরে ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়টি বিবেচনা করে রাত ১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ঢাকার চীন দূতাবাসের উদ্দেশ্যে সখীপুর ছাড়েন।

আশিতার প্রতিবেশী আলিফ জানান, দং লিয়াংয়ের ভিসার মেয়াদ খুব বেশি সময় না থাকায় দ্রুত ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে আশিতা ও দুই পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সখীপুর ছাড়েন দং লিয়াং।

দং লিয়াং জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়িয়ে খুব শিগগিরই আবার বাংলাদেশে আসবেন তিনি। এরপর ধর্মীয় রীতি মেনে আশিতাকে বিয়ে করার ইচ্ছা রয়েছে তার।

জানা যায়, ওয়ার্ল্ড টক অ্যাপের মাধ্যমে আশিতার সঙ্গে দং লিয়াংয়ের পরিচয় হয়। প্রায় তিন মাসের পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই চীন থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের টাঙ্গাইলের সখীপুরে ছুটে আসেন তিনি।

এর আগে দং লিয়াং জানিয়েছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আশিতাকে বিয়ে করতে চান। বিয়ের পর আশিতাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

এদিকে, স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়। তবে আশিতা যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়টি বিবেচনা করে স্থানীয়রা দং লিয়াংকে চীন দূতাবাসে পাঠানোর উদ্যোগ নেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, স্থানীয়রা তাকে জানিয়েছেন, এক চীনা যুবক এলাকায় এসেছেন। পরে মেয়েটি যাতে প্রতারণার শিকার না হয়, সে জন্য স্থানীয় লোকজন রাত ১২টার দিকে ওই যুবককে চীনা দূতাবাসে পাঠিয়ে দেন। বিষয়টি স্থানীয়রাই তাকে জানিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে ভিসার মেয়াদ বাড়িয়ে আবারও বাংলাদেশে ফিরবেন দং লিয়াং। এরপর আশিতাকে বিয়ে করে নতুন জীবনের পথে হাঁটার ইচ্ছা তার।

নিউ সাউথ বাংলা’র সঙ্গে থাকুন—দেশ-বিদেশের সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।