রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ইতোমধ্যে ঠাকুরগাঁওজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহর ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে প্রধান সড়ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সৌন্দর্যবর্ধনের কাজ।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, ওই দিন হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।
এরপর শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে কিছু সময় কাটিয়ে বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর হওয়ায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দেশ-বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পেতে নিউ সাউথ বাংলার সঙ্গে থাকুন।