চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংকারের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে স্থানীয় ইমাম হোসেনের বাড়ির ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে। নিহত শাহিদ হোসেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং স্থানীয় মৃত ইকবাল হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শাহিদ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না বলে জানিয়েছেন তার স্ত্রী শারমিন।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, সকালে হাজীপাড়া এলাকার বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুলিবিদ্ধ অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শারমিন বলেন, তার স্বামী আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি হওয়ার পর তিনি চাকরি ছেড়ে দেন। তবে পিস্তলটি কোথা থেকে তার কাছে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
ডবলমুরিং থানার ওসি শাহীনুর আলম জানান, প্রাথমিকভাবে পিস্তলটি অবৈধ বলে ধারণা করছে পুলিশ। অস্ত্রটি কীভাবে শাহিদ হোসেনের কাছে এলো এবং কেন তিনি গুলি চালিয়েছেন—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিউ সাউথ বাংলা’র সঙ্গে থাকুন—দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন।