সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই করেই মিলবে ব্যাজ, তবে মানতে হবে নির্দিষ্ট শর্ত।
নিউজ ডেস্ক:
ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা। নতুন এই সুবিধা পেতে কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
মেটার নতুন ব্যবস্থায় ব্যবহারকারীকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আবেদন করতে হবে। আবেদন করার পর একটি ছোট সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর সেই ভিডিও প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে মেটা। সব তথ্য সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ।
এই সুবিধা পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা ফেসবুকের কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে না। প্রাথমিকভাবে শুধু ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে। ফেসবুক পেজ এবং প্রোফেশনাল মোড (Professional Mode) অ্যাকাউন্টে আপাতত এটি প্রযোজ্য হবে না।
পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ভেরিফায়েড ব্যাজ প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ডেটিং সেবায় দেখা যাবে। পরবর্তীতে ধাপে ধাপে ফিডের পোস্টেও এই ব্যাজ প্রদর্শন করা হবে।
মেটার ভাষ্য অনুযায়ী, এই ব্যাজের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি একজন প্রকৃত ব্যক্তির—এটি নিশ্চিত করা। তবে ভেরিফায়েড ব্যাজ থাকলেই কোনো ব্যবহারকারীকে বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করা হবে না। সবাইকে আগের মতোই ফেসবুকের কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।
প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হচ্ছে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।