ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ভেন্যু ও সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ১৫তম আসর।
মঙ্গলবার (২১ জুলাই) সাফের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, এবারের আসরের সব ম্যাচই ঢাকায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাফভুক্ত সব সদস্য দেশের অংশগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচির সময়সূচিও প্রকাশ করেছে সাফ। আগামী ৫ জুলাই ঢাকায় উন্মোচন করা হবে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান, যেখানে দলগুলোর গ্রুপ নির্ধারণ করা হবে।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে তারা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সফলভাবে একটি স্মরণীয় টুর্নামেন্ট আয়োজন করবে এবং দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে বিশেষ এক আয়োজন।
তিনি আরও জানান, বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই এই ঘোষণা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করবে। আগামী কয়েক মাসে টুর্নামেন্টকে ঘিরে আরও নানা কর্মসূচি ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এটি হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজক হচ্ছে, যা দেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় আনন্দের খবর।