ছবি: সংগৃহীত
| নিউ সাউথ বাংলা
দুই বছরেরও বেশি সময় পর আবারও আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি পূর্ণ সূর্যগ্রহণ, যার ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো অন্ধকার। জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা।
মহাকাশ গবেষণায় প্রকাশিত তথ্য অনুযায়ী, সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করবে। ফলে চাঁদ সম্পূর্ণভাবে সূর্যের আলো ঢেকে দেবে। যেসব এলাকা পূর্ণ গ্রহণের ছায়াপথের মধ্যে থাকবে, সেখানে কয়েক সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য পুরোপুরি আড়াল হয়ে থাকবে।
এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ থেকে। এছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সেখানে চাঁদের ছায়ায় সূর্যের একটি অংশ ঢাকা পড়তে দেখা যাবে।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। অন্যদিকে স্পেনের মূল ভূখণ্ডে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯০৫ সালে। ফলে এবারের সূর্যগ্রহণ দেশটির জন্য একটি ঐতিহাসিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এবারের পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথের দৈর্ঘ্য হবে প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার। এটি আর্কটিক অঞ্চলের কাছ থেকে শুরু হয়ে উত্তর মেরুর পাশ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল এবং স্পেনের উত্তরাঞ্চল অতিক্রম করবে।
গ্রিনল্যান্ডে অবস্থানকারীরা দুই মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। তবে স্পেনের উত্তরাঞ্চলে পূর্ণ গ্রহণের স্থায়িত্ব হবে প্রায় ২০ সেকেন্ড। আবহাওয়া অনুকূলে থাকলে বিরল এই দৃশ্য খালি চোখে না দেখে বিশেষ সুরক্ষিত সোলার ভিউয়িং গ্লাস ব্যবহার করে নিরাপদে পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২ আগস্ট। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে। আর যুক্তরাষ্ট্রে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩৩ সালে, তবে সেটি কেবল আলাস্কা থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং দেশ-বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর জানতে নিয়মিত চোখ রাখুন নিউ সাউথ বাংলা-তে।