দেশের শিশুদের টাইফয়েড জ্বরের হাত থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) যুক্ত হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। আগামী ১ আগস্ট থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যেখানে ১৫ মাস বয়সী শিশুদের এক ডোজ করে টাইফয়েডের টিকা প্রদান করা হবে।
গতকাল সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালে দেশব্যাপী জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হওয়ার পর, জাতীয় টিকাদান কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে এটিকে নিয়মিত কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী সব শিশুকে ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এক ডোজ টিসিভি (TCV) প্রদান করা হবে। একই সেশনে শিশুরা এই টিকার পাশাপাশি এমআর-২ (পরিমাপক) টিকাও একযোগে গ্রহণ করতে পারবে।
ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও বাস্তবায়নের নির্দেশনা দিয়ে দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্যমাত্রাভুক্ত শিশু শনাক্ত করবেন।
এছাড়া শিশুদের ভ্যাক্সিনেশনের জন্য ‘ইপিআই অ্যাপ’-এ নিবন্ধন, টিকা কার্ড ডাউনলোড এবং টিকা প্রদানের পর ‘স্মার্ট হেলথ্ বিডি/ই ট্র্যাকার অ্যাপ’-এর মাধ্যমে ডিজিটাল তথ্য হালনাগাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি টিকাদান নিশ্চিত করতে জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণেরও তাগিদ দেওয়া হয়েছে।
ভ্যাকসিন ব্যবস্থাপনা: কর্মসূচিতে ৫ ডোজের ভায়াল ব্যবহার করা হবে এবং ভ্যাকসিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হবে। মাল্টিডোজ ভায়াল নীতিমালা অনুসরণ করে খোলা ভায়াল পরবর্তী সেশনেও ব্যবহার করা যাবে, যাতে টিকার অপচয় সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।
টাইফয়েড টিকার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ধর্মীয় ও কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক, মাইকিং এবং প্রচার-প্রচারণা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশের স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসাবিজ্ঞান ও সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে ‘নিউ সাউথ বাংলা’র সাথেই থাকুন।