স্টাফ রিপোর্টার: দেশজুড়ে কয়েকদিনের টানা ভারী বর্ষণে ঢাকাসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা এবং বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা যথানিয়মে নেওয়া হবে নাকি স্থগিত করা হবে—সে বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’-এর ফল প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের বিষয়টি বিবেচনা করেই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার বর্তমান বৃষ্টি ও জলাবদ্ধতার পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে জরুরি বৈঠক করেছেন।"
তিনি আরও জানান, শনিবার থেকেই দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং সবকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দেশের কোথায় কী পরিস্থিতি রয়েছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস ও তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা চালু রাখা বা স্থগিতের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। যদি কোনো বিশেষ এলাকার পরীক্ষা স্থগিত করতে হয়, তবে সেই পরীক্ষাটি পরবর্তীতে নেওয়ার সব প্রস্তুতিও শিক্ষা বোর্ডের রয়েছে।
আরও পড়ুন: [টানা বৃষ্টি, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষা...]
পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না এবং এর কোনো সুযোগও নেই। একটি অসাধু চক্র টেলিগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অ্যাপের মাধ্যমে ভুয়া বা জাল প্রশ্নপত্র তৈরি করে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে।"
এই ধরনের সাইবার অপরাধ কঠোরহস্তে দমনে দেশের প্রচলিত আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ভোলার চরফ্যাশনের একটি পরীক্ষা কেন্দ্রে ঘটে যাওয়া বিশৃঙ্খলা ও অনিয়ম নিয়ে মন্ত্রী বলেন, "উক্ত ঘটনায় ইতোমধ্যে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্রের ভেতরের ও বাইরের ভিডিও ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে জড়িত সবার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
ফল প্রকাশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন, স্থগিতের নোটিশ ও শিক্ষা বিষয়ের সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে নিউজ সাউথ বাংলা-এর সাথেই থাকুন।