বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ আহ্বানে সাড়া দিয়ে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১১ জুলাই) দুপুরে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ইলশা ওয়ার্ডে উপস্থিত হয়ে তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের হাতে এই সহায়তা তুলে দেন।
টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় বাহারছড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বন্যাদুর্গত মানুষের এই দুর্দশা লাঘবে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এর পাশাপাশি দুপুরের খাবার ও আপদকালীন সংকট মোকাবিলার জন্য আরও ২০০ পরিবারের মাঝে বিশেষ প্যাকেটে শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী: অনিন্দ্য ইসলাম অমিত জানান, দেশের যেকোনো দুর্যোগে বিএনপি জনগণের পাশে ছিল এবং থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশ রয়েছে, দেশের একটি মানুষও যেন অনাহারে না থাকে। বন্যাকবলিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের এই খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন। হঠাৎ এই খাদ্য সহায়তা পেয়ে বন্যাকবলিত অসহায় পরিবারগুলোর মুখে কিছুটা স্বস্তির হাসি দেখা গেছে।
চট্টগ্রামসহ দেশ-বিদেশের সব বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং ব্রেকিং নিউজের সঠিক আপডেট সবার আগে পেতে নিউজ সাউথ বাংলা-এর সাথেই থাকুন।