হাসপাতালে ভর্তি গুঞ্জনে ভক্তদের উদ্বেগ, সুস্থতার বার্তা দিলেন বিগ বি অমিতাভ বচ্চন
নিউ সাউথ বাংলা – এর সাথে থাকুন
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে হঠাৎই হাসপাতালে ভর্তি হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। খবরটি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
ভারতীয় এক সাংবাদিকের দাবির ভিত্তিতে জানা যায়, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে কোটি ভক্তের মধ্যে।
তবে গুঞ্জনের মধ্যেই বিষয়টি পরিষ্কার করেন খোদ অমিতাভ বচ্চন নিজেই। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তিনি মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে গিয়েছিলেন। চেকআপ শেষে সেদিনই তিনি বাসায় ফিরে যান।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় ভঙ্গিতে একটি পোস্ট দেন এই কিংবদন্তি অভিনেতা। সেখানে তিনি লেখেন, “ভাইয়ারা, চিল শান্ত হলে টিয়াপাখি কথা বলা শুরু করে।” এই পোস্টের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে, তাকে ঘিরে ছড়ানো গুজবে উদ্বেগের কোনো কারণ নেই এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
তবে বয়সের সঙ্গে সঙ্গে নানা শারীরিক জটিলতার মধ্য দিয়েও যেতে হয়েছে এই বরেণ্য অভিনেতাকে। বিশেষ করে ‘কুলি’ সিনেমার শুটিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। সেই সময় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এরপর ২০১৮ সালেও তীব্র পেটব্যথার কারণে হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। চিকিৎসকরা তখন তার ক্ষুদ্রান্ত্রের ‘ডাইভার্টিকুলাইটিস’ সমস্যার কারণে অস্ত্রোপচার করেন। একই সময়ে দীর্ঘদিনের হেপাটাইটিস বি সংক্রমণের জটিলতাও সামনে আসে, যা থেকে লিভার সিরোসিসের ঝুঁকি তৈরি হয়েছিল বলে জানা যায়।
৮০ পেরিয়েও এখনো কাজ, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তায় নিজেকে ধরে রেখেছেন অমিতাভ বচ্চন। তাই তার ছোট্ট কোনো খবরও মুহূর্তেই কোটি ভক্তের উদ্বেগের কারণ হয়ে ওঠে।
নিউ সাউথ বাংলা – এর সাথে থাকুন