ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

সুশৃঙ্খল বাহিনী গঠনে চেইন অব কমান্ড ও শৃঙ্খলা অনিবার্য উপাদান

নিজস্ব প্রতিবেদক জাতীয়
আপডেট: ২০ মে ২০২৬, ১১:৪০ দুপুর
সুশৃঙ্খল বাহিনী গঠনে চেইন অব কমান্ড ও শৃঙ্খলা অনিবার্য উপাদান

সুশৃঙ্খল বাহিনী গঠনের জন্য ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য নীতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই দুটি নীতির যথাযথ অনুসরণ ছাড়া কোনো বাহিনী কখনোই সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে উঠতে পারে না।

বুধবার সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, কোনো বাহিনীর মধ্যে শৃঙ্খলার ঘাটতি দেখা দিলে জনআস্থার সংকট তৈরি হয়, তাই এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

প্রধানমন্ত্রী আনসার বাহিনীর মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে বলেন, প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে এ বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে অংশ নেন এবং ৬৭০ জন শহীদ হন। তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নাজুক হয়ে পড়ে, তখন বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আনসার-ভিডিপি বাহিনীকে আরও সুসংগঠিত করা হয়। পরবর্তীতে বিভিন্ন আইন ও সংস্কারের মাধ্যমে এই বাহিনীকে একটি স্বতন্ত্র ও কার্যকর শৃঙ্খলা বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে।

বর্তমান সময়েও আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতায় আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

সবশেষে তিনি বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে সুনির্দিষ্ট ভিশন ও কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর ও বিশ্লেষণের জন্য নিউ সাউথ বাংলা-এর সাথে থাকুন।