ব্রেকিং নিউজ :
লাইভ নিউজ
বাংলা:
হিজরি:
English:
নিউ সাউথ বাংলা
জাতীয়

সৌদি আরব থেকে ৫৮ হাজার ৬৩৯ হাজি দেশে ফিরেছেন

অনলাইন ডেস্ক জাতীয়
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:২১ দুপুর
সৌদি আরব থেকে ৫৮ হাজার ৬৩৯ হাজি দেশে ফিরেছেন

হজ শেষে দেশে ফিরলেন ৫৮ হাজারের বেশি হাজি, এ পর্যন্ত ৫২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৮৩৯ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। তিন বিমান সংস্থার মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিরা দেশে প্রত্যাবর্তন করেছেন।

হজ অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় ১৮ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এই ১৪৫টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন হাজি রয়েছেন।

ফিরতি ফ্লাইটের পরিসংখ্যান:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৭২টি ফ্লাইট

সৌদিয়া এয়ারলাইন্স: ৫২টি ফ্লাইট

ফ্লাইনাস এয়ারলাইন্স: ২১টি ফ্লাইট

৫২ জন হাজির ইন্তেকাল ও চিকিৎসা সেবা:

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারীসহ মোট ৫২ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান।

এছাড়া, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে, সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো থেকে ৬৫ হাজার ৮৮৮ জন এবং মক্কা-মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে ২৮,১৬৭ জন হাজি প্রয়োজনীয় সেবা লাভ করেছেন।

এক নজরে হজের সময়সূচি: গত ১৭ এপ্রিল ৪১৮ জন যাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয় এবং ৩০ মে থেকে শুরু হওয়া হাজিদের ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চালু থাকবে।

হজ পরিস্থিতি, দেশ-বিদেশ ও ইসলামের সুন্দর সব খবরের নিয়মিত আপডেট পেতে "নিউ সাউথ বাংলা"-এর সাথেই থাকুন। ধন্যবাদ।