অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান, লাহোরে দাপুটে পারফরম্যান্স আফ্রিদিদের
নিউ সাউথ বাংলা ডেস্ক: লাহোরের স্পিন সহায়ক উইকেটে দুর্দান্ত বোলিং ও চাপের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ঘরের মাঠে উচ্ছ্বাসে মেতে ওঠে স্বাগতিকরা।
টস হেরে প্রথমে বোলিং করতে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রাখে পাকিস্তানের বোলাররা। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নতুন বলে আঘাত হেনে দলকে দারুণ সূচনা এনে দেন। যদিও এক সময় ২ উইকেটে ৯৮ রান তুলে ভালো অবস্থানে ছিল অস্ট্রেলিয়া, এরপরই পাকিস্তানি বোলারদের তোপে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ।
ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস ৭১ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য ব্যাটাররা বড় কোনো অবদান রাখতে পারেননি। হারিস রউফ, আবরার আহমেদ ও শাদাব খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৫৭ রানে। ৩০ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন শাহিন শাহ আফ্রিদি।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও সহজে লক্ষ্য স্পর্শ করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ওপেনার মাজ সাদাকাত ২৭ রান করেন, আর বাবর আজম খেলেন ৪০ রানের ধীরস্থির ইনিংস।
দলের কঠিন সময়ে হাল ধরেন শাদাব খান ও আব্দুল সামাদ। সপ্তম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। শাদাব ৪২ বলে ২৯ এবং সামাদ ৩০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
তাদের দৃঢ়তা ও পরিণত ব্যাটিংয়ে ৪৯ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। এর মধ্য দিয়ে সিরিজও নিজেদের করে নেয় আফ্রিদির দল।
ক্রিকেটসহ দেশ-বিদেশের সর্বশেষ খবর সবার আগে জানতে নিউ সাউথ বাংলার সঙ্গে থাকুন।